আমি ভালো লোক
আমি এখনো কথা বলিনি
আমি খুব ভালো।
আমি তাদের অন্যায় গুলো দেখে শুনেও
মুখ খুলিনি
( অথচ আমার শরীর
বিদ্যুৎ প্রবাহিত তারের মতো)
আমি খুব ভালো।
দেশটাকে দাবার ছকে ফেলে দিয়েছে
যে কোন সময় মন্ত্রী বন্দী হবে
দেখেও কিছু বলিনি
আমি খুব ভালো।
বলিনি অনাহারের কাছে মানবিকতা
নিয়ে আসুন
যাদের নিয়ে খেলছেন
তাঁরা জানেনা এ খেলায়
পরাজয় অবধারিত।
আমি কিচ্ছু বলিনি বিশ্বাস করুন
বলে কি করবো
আমি যে ভদ্রলোক, ভালো লোক।
