Jul 14, 2021

গৌতম মুখার্জী (পাহাড়)

প্রশ্ন

স্বাধীনতা মানে শুধুই  উচ্ছাস আনন্দ?

স্বাধীনতা মানে নাকের ডগাই সুতো বাঁধা বৃদ্ধাশ্রম?

হয়তো বা  অষ্টাদশীর চোখের কোনে কালি।

স্বাধীনতা মানে হয়তো অতন্দ্র প্রহরীর কার্গিল।

স্বাধীনতা মানে তোমার আলিশান অট্টালিকা,আর 

আমার ত্রিপল ছাউনি। 

স্বাধীনতা মানে হয়তো তোমার গোলাপ ঘেরা বাগিচা।

আমার রেলের জমির অস্থায়ী বস্তি। 

স্বাধীনতা  তোমার আমার স্বপ্ন ঘেরা জীবন।

তোমার হয়তো ভোরের,আমার নাহয় দিনের।

ভোরের স্বপ্ন সত‍্যি।  দিবা স্বপ্ন অলীক। 

স্বাধীনতা হয়তো না জানা কে আরো অজানা করা। 

আমি জানি স্বাধীনতার শিকল ভেদী আওয়াজ।

মায়ের লাল পাড় শাড়ীর আঁচল। পেটের খিদে, 

আর আদোল গায়ে শিশুর কান্না।

আমি জানি স্বাধীনতা হলো দুঃখের অবসান।

লাল সুর্যের ভোরের আকাশ। 

স্বাধীনতা হলো ভুমিষ্ঠ সন্তানের মা শব্দের না বোঝা এক অন্তহীন জীবনের সব বোঝানোর ডাক।