দীর্ঘ বাদল গর্জে গেল মাথার উপর,
অজ্ঞানতায় কেটে যাওয়া এক পক্ষকাল।
মৌনতা আর অসারতার জীর্ণ আবরণ ছুঁড়ে ফেলে,
উঠে বসি একবুক নড়বড়ে আত্মবিশ্বাসে ভর করে ।
কি যেন তাড়া করে চলেছে সমস্ত অন্দরমহল জুড়ে।
অতঃপর,
উইপোকাদের অধিকৃত কাটাকুটি কাগজের ভাঁজ খুলে আবিষ্কার করি,
মেটো গন্ধ মাখা আধভেজা
টুকরো টুকরো ঝাপসা স্মৃতি।
অস্ফুট স্বরে কি যেন বলতে চাইছিল সেদিন ওরা
আমার আঙুল জড়িয়ে।
ভেবেছিলাম শুনবো সেদিন
সময় নিয়ে সব অজানা কথা।
হঠাৎ করেই শুরু হলো ঝড়ো হাওয়ার মিছিল।
মুহূর্তেই আঙুল ফসকে উড়ে গেল ওরা হাওয়া দের গায়ে ভেসে।
জানার পথে অজানারে খুঁজে বেড়াই আজও।
ক্লান্ত, আজ বড্ড ক্লান্ত প্রাণ।
তবুও যেন খান্ত হয়নি
বুক জুড়ে ধেয়ে চলা,
সেই আধভেজা স্যাঁতসেঁতে কাগজের ভাঁজে লুকোনো আমার অজানা সন্ধান।
