মিষ্টি স্বপ্ন
স্বপ্ন বীণার তারে , এক সুমধুর তানে
সুর ধরেছি নাম না জানা
প্রভাত পাখির গানে।
সে যে আপন মনে গান গেয়ে যায়
মিষ্টি সুরে হিমেল হাওয়ায়,
মোর জানালার পানে।
তার মনের কথা আমার কানে,
শোনায় সে তার সুরের টানে,
সাতটি সুরে শুনিয়ে সে গান
মন ভরিয়ে যায়।
আমি হয়ে মগন বাজাই যখন
বহে বাতাস জাগে তপন,
বীণার তারের ঝংকারেতে
নাচে পাখি হাসে ভুবন।
ফুল কলিরা ডালে ডালে
নাচে সুরের তালে তালে,
মৌ পিয়াসী ঐ ভ্রমরা
আপন সুর ই যায় যে ভুলে।
সহসা সেই বীণার তারে
রবির কিরণ উঁকি মারে,
উষ্ণ পরশ চোখের পরে
নিল আমার ঘুমটি কেড়ে।
বন্ধ খিলে হাতটি তোলে
জানালাটা তাই দিলাম খোলে,
মিষ্টি স্বপ্ন গেল চলে
নাম না জানা পাখির দলে ...
