অন্ধত্ব
কেউ আর এখন ঈশ্বরের বানী প্রচার করে না ;
ঈশ্বর প্রচার করে, অন্ধ ভক্ত বাড়ে, প্রণামী বাড়ে, যেখানে নিগূঢ অন্ধকার!
এইসব অন্ধকারে সাঁতরে সাঁতরে মানুষগুলো
অন্ধ হয়ে যাচ্ছে দিন দিন! টের পাই।
এই যে পাষাণ মন, নিষ্ঠুর হৃদয় -- দম্ভ, অহঙ্কার
দয়ামায়াহীন ভালোবাসাহীন ক্রমে রোবটিক যন্ত্রে
ভরে যাচ্ছে পুরো সংসার।
সর্বত্র শোষক আর শোষণ
অপ্রতিরোধ্য! অনাদির পথে যেন একটা পাগলা ঘোড়া!
এই ঘোড়া মুখ থুবড়ে পড়বে সেদিন
যেদিন সব কোদালিয়া আগলে ধরবে পথ!
