Jul 17, 2021

সুচরিতা পাটারী

একাকীত্ব

একাকীত্বের শহরে বসতি আমার,

সেখানে প্রাণোচ্ছল বস্তুও জড়ত্বের আস্বাদন খোঁজে।

নীরবতা অবিরাম খুঁজে বেড়ায় অভিমানের ক্ষত চিহ্ন।

মাঝে মধ্যে আবেগিত মোহ উঁকি দিয়ে জানায়,

"তোমার শহরে আসছি আমি, দর্শনার্থী বেশে"

আলতো হেসে তাকে সাদরে গ্রহণ করে নিই।


সময়ের চাকা যখন এগোতে থাকে, 

আমার দর্শনার্থী  তখন গোধূলির ফেরিওয়ালা,

 ভবিতব্যের ছদ্মবেশে যাত্রাপালায় মগ্ন।

আমি কেবলই অপলক দৃষ্টিতে প্রত্যক্ষ করি আমার নিছক বিনোদনের দৃশ্য, 

বিবেক চেঁচিয়ে জানান দেয়," তুমি পেরেছো  তাঁকে বাঁধতে ভালোবাসায়"

কিন্তু না!

হঠাৎ  একদিন স্বপ্নের দরাদরি তে সে তর্কে জড়ায়, 

না না তোলপাড় পেরিয়ে, অবশেষে পরাজিত দর্শনার্থী দাখিল করে বিদায়ের আপিল।

 চৈতন্যবোধও তাতে সম্মতি দিতে দ্বিধা বোধ করে নি,

খাঁচা মুক্ত ময়না যেমন নতুন জীবনের আস্বাদ পায়,

তেমন আস্বাদের স্বস্তি তেই বিদায় নেয় আমার আবেগিত মোহ। 

পরিশেষে আবার বুকে জড়িয়ে নেয় সেই সহলশীলা একাকীত্ব।।