Jul 17, 2021

জয়ন্ত মজুমদার

সন্ধ্যা-ভোরের মেয়ে

ভোরের  আলোর

একটা প্রতিফলন,

তোর সাথে ছিল বাকি,

মুছে আঁকা-বুঁকি, রোজ

নতুন করে আঁকি।

দেখি, আরো তাকা

নাক'টা কেমন বাঁকা,

চোখ কত বোঝে

কে তাকে খোঁজে,

হাসি কার লাজে

জড়ায় গালের খাঁজে।

পারবি যদি বলি,

দেখ ফুলগুলি, তোর

মতোই হাসে, সবুজে'ও ভাসে।

রাখিস মেলে পাশে

গন্ধ তাদের কেশে,

কাঠ-গোলাপের মালা

খোপার-বাঁধন খোলা।

ছড়ার জলে হাওয়া

শিমুল-ফুলের নাওয়া,

আবার বাঁধিস চুলে

দোলা দিয়ে দুলে।

যাই যদি ভুলে

দেখতে এমন করে,

সন্ধ্যা-প্রদীপ ধরে

রাখিস উঠোন পরে।

ভোরগুলো আরও,

সন্ধ্যা-কালোয় গেলো,

তোর কথা-বলা,

দিন-স্বপ্ন নিলো।

মাঝে-মধ্যে বসে

শীতের রোদের রেশে,

আলতা-ভেজা হাতে

রোদ পা'য়ের সাথে,

ভাবছিলি কার কথা

পাতায় রেখে আতা,

হেথা, সন্ধ্যে ভেবে রাখে,

ভোরের রঙিন ডাকে,

দেখেছিস তাকে?

নৌকো ভাসায় পাঁকে

লতা গায়ে রেখে

বেনী দোলায় কাঁখে।