যাপিত জীবন
কোজাগরী জ্যোৎস্নায় শুদ্ধ স্নান সেরে উঠেছে প্রিয় সপ্তপর্ণী!
রাত্রি দ্বিপ্রহর -
আনন্দময়ীর উঠোন জুড়ে কি সুতীব্র ঘ্রাণ
নাম না জানা ভিনদেশী পাখির ডাক মিলিয়ে যায় উত্তরে
এইসব নির্বাণের রাতে নিদ্রাদেবী পলাতক
অনির্দিষ্টকালের প্রহর গুনছে একটা অলস মস্তিষ্ক
বিরামহীন পথে উড়ে যায় -
দাহ না করা সেইসব স্বপ্নের শুকনো পাতা
রাত বাড়ে, বাড়ে জীবনবোধ
প্রাপ্তি-অপ্রাপ্তির খেরোখাতা!
প্রাচুর্যের এই নাগরিক কোলাহলে আমি নির্বাক হয়ে যাই
এ কেমন বিড়ম্বনা
আমি তো কেবলই মায়া-দীঘির এক বিন্দু স্বচ্ছ জলের মত জীবন চেয়েছিলাম
সরল আটপৌরে নির্লিপ্ত!
হে অদৃষ্ট আমায় মৃত্যুদন্ড দাও নয়ত নবজন্ম দাও!
সপ্তমবর্ষী বালিকার জীবন
স্নিগ্ধ আচঁলতলে বিষ্ময়ে যে গায়ে মাখে কোজাগরী আলো!