Oct 12, 2025

দুলাল চক্রবর্তী

বাস্তবতা মেনে নিয়ে 

জীবনটা স্বপ্নের সিঁড়ি তো নয় যে 
তরতর করে উঠে যাবো!
চরাই-উৎরাই আছে পায়ে পায়ে 
দুর্নিবার আশার তাড়না আছে শত
অমলিন স্মৃতিরা প্রকট যেন নিরবধি।
মরুতৃষ্ণার কাছে এক গণ্ডুস জলে কি হবে?
চলমান জীবনটা থেমে নেই --
অস্থির চিত্তে বেদনার ভিক্ষাভাণ্ড
কত বইবো আর?

প্রশ্ন করেছিলাম --পাইনি উত্তর।
অতলান্তিক সাগরের বুকে চোরাস্রোত 
সজাগ থাকা যে বড় দায়।
ক্ষুধার্ত পথশিশুটি পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে 
প্রচণ্ড তাপদাহে অস্থির সবাই 
মাঝপথে যাবেনা থামা।
রাতে গাঢ় কালো মেঘের স্তর ভেদ করে 
রূপালী চাঁদের আলোর ছটা দেখি।
বিবর্তনের মূর্ত প্রতীক।
জীবন -নদীতে খেয়া বাইবো কত আর!