Jun 30, 2022

সুমনা রায়

আমার দূরত্ব

রাত গভীর হলে সংক্ষিপ্ত হয়ে যায় 
জেগে থাকা চোখের ভ্রমণভূগোল 
গাছেদের চোখ মুখ বেয়ে ঝরে  
ঘুমপাড়ানি কুয়াশা টুপটাপ 

ঝুলন্ত ব্যালকনিটা হয়ে ওঠে 
থেমে থাকা একটা জাহাজের ডেক 
যেখানে নিজেরই মুখোমুখি 
গভীর আলোচনা হয় মৌন মুখর 
চারদিকে অন্ধকারের ছলাৎ ছলাৎ 
নোঙ্গর খুলে এগিয়ে যায় জাহাজ 
আমি থেমেই থাকি একটি বিন্দুতে 
অন্ধকারে মিশে যেতে যেতে 
কারা যেন উচ্চারণ করে যায় 
আমার প্রাণের বর্ণমালা
ডেকে যায় আমার নাম 
বেড়ে যায় আমার নাম থেকে 
আমার দূরত্ব