আমার ক্ষমতা নেই
আমার ক্ষমতা নেই
কলমের জোরে এ আগুন নিভিয়ে দেওয়ার।
আমার ক্ষমতা নেই
একসাথে বসে ঈদের সিমুই
বা অষ্টমীর লুচি খাওয়ার আনন্দ
পরবর্তী প্রজন্মকে শিখিয়ে যাওয়ার।
আমার ক্ষমতা নেই
এক বৃন্তে দুইটি কুসুম পুনরায় গেয়ে উঠতে বলার ,
আমার ক্ষমতা নেই
সম্প্রীতির বাতাবরণ তৈরি করার।
ধর্ম, রাজনীতি, গাড়ি বাড়ি কতটা পুড়েছে জানিনা
তবে আমি মানবতা পোড়ার গন্ধ পাই ।
মানবতা পুড়ে পুড়ে ঝলসে যাচ্ছে প্রতিনিয়ত
বাতাসে মিশছে ক্ষতিকারক গ্রিনহাউস গ্যাস,
এর প্রভাবে জন্ম নেবে পরবর্তী প্রজন্মের লক্ষ লক্ষ বিকলাঙ্গ শিশু
যা আটকাবার ক্ষমতা আমার নেই ।
দুঃখ একটাই
এ কলম কিছুই শিখিয়ে উঠতে পারেনি ,
আসলে তো আমার ক্ষমতার নেই ।