সভ্যতা-সঙ্কট
আমরা আধুনিক সভ্যতার দাস
শৌখিনতার রঙিন মোড়কে-
আমাদের বাস।
সদা করি বিজ্ঞানের অহংকার
তথাপি বিজ্ঞান দীপের নিচে-
অজ্ঞানতার অন্ধকার!
প্রকৃতি কে অবাধে করি অবহেলা
সইতে হয় নানাবিধ কষ্ট-জ্বালা,
দেখেছি সভ্যতার হতাশা
কাটিয়েছি বন্দীদশা...,
দূষিত পরিবেশ অসুর কপট
দেখিয়েছে মহামারী অতিমারীর দাপট!
লাশের পাহাড়ে-
শকুন কুকুর শৃগালের ভুরিভোজ,
প্রতিকুলতায় থমকে গিয়েছে জীবন নদী স্রোত,
বারে বারে ধেয়ে আসা সমুদ্র ঝড়...
কেড়েছে জীবন জীবিকা ঘর-
তবু থামেনি যন্ত্র সভ্যতার আধুনিক রথ!
জীবনের প্রবাহমান ধারা অব্যাহত রাখতে
প্রকৃতি ফিরে পেতে চেয়েছে সবুজ...
আমরা আধুনিক মানুষ যে বড়ই অবুঝ!