বুনোফুল
তোমার আদুরে রক্তগোলাপ,
আমার পাঞ্জাবীতে শোভা পাবে ঠিকই,
তবে তার কাঁটা আমার হৃদয় বিদীর্ণ করবে।
ভালোবেসে দেওয়া সুবাসে মুখরিত রজনীগন্ধা,
আমায় মাতিয়ে তুলবে, তবে
সেই সাময়িক সুবাসের বিয়োগে
আমি আহত হব কাল।
বহু শখে আমায় অর্কিডের গোছা দিয়েছিলে,
তবে তা শোভা পায়নি আমার কুঁড়েঘরে ।
প্রিয়, তুমি বরং আমায় বুনোফুল দাও।
যার হয়তো অনেক সৌন্দর্য থাকবে না,
তবে তা হৃদয়ে ব্যথা দেবে না।
হয়তো তার গন্ধ নেই,
তবে সে লোভ দেখাবে না।
হয়তো সে বনে থাকে,
তবুও আমার জীবন রাঙিয়ে তুলবে।