Jun 30, 2022

সত্যজিৎ সেন

চোখ মেলতেই 

শিরদাঁড়া বেয়ে এক উল্কার আগুন নেমে যায়। 
তুমি চোখ মেলতেই মুহূর্তে ঠান্ডাবরফ। 
বুকের ভেতর ঝড় - বাদল। বিদ্যুতের হাসি,- 
হাততালি। 
তুমি চোখ মেলতেই বন্ধ তুমুল বৃষ্টি। 
আকাশে মেঘের স্টিমার।
মাথার মধ্যে ব্ল্যাক-আউট।  কার্বন পেপার- 
আকাশ। 
তুমি চোখ মেলতেই সবুজ তারার আলো।
হ্যালোজেন চাঁদ। 
তুমি চোখ  মেলতেই আমার ন্যুডলসচুলে কে- 
যেন চিরুনি চালায়।
সঙ্গে সঙ্গে একমাথা সুন্দর দেবদারু চুলের- 
ঝংকার। 
তুমি চোখ মেলতেই ধমনীতে রক্তের কূলভাঙ্গা- 
স্রোত। 
ব্যালকনি দোল খায়। গুলাম আলির গানে হেসে- 
ওঠে সমুদ্রের ঢেউ। 
অতল ঘুমের মধ্যে আছো তুমি, এইবার ওঠো। 
তোমার চোখের পাতা আস্তে আস্তে খুলে যাক-
সকালবেলার মতন।