গ্রাম বাংলার পথ
আমার বাড়ি যাবে ভ্রমর
আঁকাবাকা পথে,
চলে গেলো যে পথখানি
আল পথ সাথে।
সেথায় তুমি দেখতে পাবে
খেঁজুর গাছের সারি,
মাছরাঙা ঐ ধরছে মাছ
জলেতে সারি সারি।
আমার বাড়ি যাবে ভ্রমর
পেরিয়ে তমাল শিমূল,
মাঝখানেতে বাঁশঝাড়
জারুল আর পারুল।
রাখাল ছেলে বাজায় বাঁশি
ঐ যে দূরের মাঠে,
বিকোতে জিনিস গ্রামের মানুষ
চলছে দূরের হাটে।
আমার বাড়ি যাবে ভ্রমর
লীলাবতীর পাশ দিয়ে,
সেই খানেতে কাজলা দিদি
আজকে তার বিয়ে।
ছোট নদীর পাশ দিয়ে
বলাকা সারি সারি,
ধান পাঠ আখ তার
মনোরম ভারি।
আমার বাড়ি যাবে ভ্রমর
মেঠো পথটি বেয়ে,
কলাগাছের সারি সারি
গ্রামটি আছে ছেয়ে।
সেথায় তুমি দেখতে পাবে
আম কাঁঠালের সারি,
তারই ফাঁকে ঐ দেখা যায়
সেই তো মোদের বাড়ি।।