আজকের কৃষ্ণকলি
গগন চুম্বী অট্টালিকা ঠাটেবাটে বেশ
এতো অহংকার নেই যে তার শেষ।
উঠানামায় লিফটের মজা ভারি
ভাঙতে হয়না অগুনতি সি৺ড়ির ঝকমারি।
ফটকে দারোয়ান, দরজায় ভারি তালা
পারতপক্ষে কারোর সঙ্গে নেই দেখার পালা।
আশপাশের লোকজন থেকে গেল অচিন
সুখ দুঃখের খবর সে তো নেয় অর্বাচীন।
কয়েক প্রজন্ম থেকে যায় হরেক কিছুতে অজ্ঞ
সান্নিধ্য লাভে বঞ্চিত তারা, যারা সাংসারিক বিজ্ঞ।
নানা পরিবারের নানা ঐতিহ্য, নানা খুটিনাটি
অবজ্ঞায় হারিয়ে যাচ্ছে করে ভুল ত্রুটি।
ভিন্ন রঙের, ভিন্ন বর্ণের, ভিন্ন ভিন্ন অনুষ্ঠান
হারিয়ে গিয়ে দখল নিয়েছে বোকা বাক্সের প্রতিষ্ঠান।
টিভি, ফেইসবুক, ইউটিউবে মজে আছে শিশু থেকে বৃদ্ধ
শিক্ষা থেকে খাদ্য সংস্কৃতি ঝোঁকের বশে ব্রাত্য।
বাজার থেকে নারু মোয়া, আসে পিঠাপুলি
উৎসমুখ দেখতে পায় না আজকের কৃষ্ণকলি।
মাটির তলায় কোন সবজি, উপরেই বা কি
গ্রামে গেলেই বুঝতে পারবে যত খোকা খুকি।