বৃষ্টি নামলে
মেঘদূতের হাতছানিতে
মন ফিরে যায় ছেলেবেলায়
ঘাসের ওপর মাটির ওপর বৃষ্টি-শব্দে আমাদেরও হৃদয় নাচে
মাঠ ভরা জমা জলে
নেমে পড়ার ইচ্ছে তাজা
মাঝখানে কিছু গোপন বিষাদ
মেঘ-আঁচলে লুকোনো চাঁদ
ব্যক্তিগত বৃষ্টিস্নাত দিন
ঝিলিক দেওয়া আলোর কাছে ঋণ
বৃষ্টি এলে
বদ্ধ ঘরে স্বেচ্ছাবন্দী আমার এ দিন
বাইরে যেতে ছাতা নিতে
ভুল করি না
ছাতার দিকে হাত চলে যায়
যে ছাতারা বৃক্ষসম
যারা করেন দুঃখ আড়াল
আজন্ম ঋণ তাদের কাছে
ছত্রহীনের মনের মধ্যে বৃষ্টি ঝরে