Nov 22, 2021

অপাংশু দেবনাথ

এই পথ      

তুমি কি এ পথে বাড়ি ফেরো আলোর ক্লান্তি নিয়ে বিকেলে!
এ পথেই কি বাজারে যাও ঢলে পড়া সূর্যকে পেছনে ফেলে?
এই চৌমুহনীতেই কোদাল গাঁইতি হাতে দাঁড়াও কাজের খোঁজে!

শহর থেকে টিউশন সেরে ফিরে আসবে বলে মেয়ে অপেক্ষায় বাসস্টপে পিতা
কিংবা শিশু নিয়ে তুমি কি স্কুলে যাও এই পথেই?

এ পথ ঝাঁড় দিয়েছে কেউ বহুকাল আগে।
মানুষ তার ধর্ম ভুলে একদিন ভিড় জমিয়েছিলো রমনীয় বাতাসে।
এখানেই কীর্তন শেষে এশা-র নামাজ শুনতে শুনতে বাড়ি গেছে মা ও মেয়ে।

এখন এই পথ জুড়ে পড়ে আছে ক্ষয়ে যাওয়া ছেঁড়া জুতো, 
চৌমুহনী জুড়ে ছিন্ন বোতাম, আর প্রতিনিয়ত হাওয়ার ওজন বাড়ে।

সুড়ঙ্গ থেকে ছুটে আসে কেউটে-বাতাস ; পতাকার দুর্গন্ধ।
একা মানুষের পায়ে পায়ে দাঁড়িয়ে আছি
তুমি এলেই এই পথ ছুটবে কামনার গন্তব্যের দিকে।