Nov 22, 2021

শান্তনু ভট্টাচার্য

১. হাঙ্গার ইনডেস্কের এক'শ এক     

দুদিন  কিছু  না জোটার পর
তিনটে মেঠো ইঁদুর ঝলসানো হচ্ছে উঠোনে...

কাঁদতে কাঁদতে ঝিমিয়ে পড়া বাচ্চাটা
মা'র কোল থেকে তাকিয়ে দেখছে-
                      দিন বদলের আলো।


২. অদ্ভুতভাবে 

চিমনির ধোঁয়া।বাসের চাকা। ট্রেনের চাকা।
অফিসমুখো মানুষ। দ্রুতগতি। হরেক গন্তব্য।

লোকাল ট্রেন।অনেকদিন না দেখা পাওয়া দুই যুবক যুবতী হাত ধরবার আগে গা ঘেঁষে দাঁড়াচ্ছে দরজার সামনে... 
 
 সব একেবারে ঠিকঠাক আগের মত।
শুধু অদ্ভুত ভাবে রেল লাইনের ধারে 
আগাছা কিংবা গাছে গাছে যে ফুলগুলো ফুটছে সেগুলো শুধু লাল পোড়া রুটির মতো...