Nov 22, 2021

বিজয়া দেব

হে মৌনতা 

অনেক পথ ঘুরে এসে দেখলাম চুপচাপ বসে আছ।
দাঁড়ে ঝোলানো ময়নাটিও আজ চুপ।
আমিও আজ চুপচাপ থাকব।
কথাগুলো বুকের ভেতর নিরুপদ্রবে
ঘুমোবে।
আর এই সুযোগে আমি পাহাড় ডিঙোব। 
নদী তরতর করে বয়ে যাবে এই বুকশেলফ বিছানা আলমারির
বুকের ওপর দিয়ে।
সমুদ্রতটে জলোচ্ছ্বাস
ধূ ধূ হাওয়ার চাদর  জড়িয়ে
আমি নিঃসঙ্গ নাবিকের
আইসোলেশনের
গান শুনব। 
প্রিয় ছাত্রীটি যদি ভিডিও কলে আসে 
আমি তার গজদন্ত দেখে
মুগ্ধ হব।
মাঝেমাঝে এমনি চুপচাপ বসে
থেকো যেন।