ইক্ষুক্ষেতের পাশে
ইক্ষুক্ষেতের পাশে আমাদের সোনালি বৈরাগ্য
উদ্বাহু দাঁড়িয়ে আছে
কী কথা শুনতে চায় এত?
উদ্গত কথাদের বিরামহীন অস্ফুট ধ্বনি
বিমূঢ় কল্লোল তুলে ভাসাতে চায়
আমাদের আলোকিত পরবশ
মেধাবী মৈথুনের দেশে
উড়ে যায় বিদগ্ধ চতুর হাঁস
কৌতুকের অভ্যাস থেকে আমরা ফিরি
আমাদের অন্ধ পিতার কাছে
যেখানে অন্ধকারে গৃহগত পাপ
আত্মসুখের বিনুনিতে লুকায় অভিশাপ
ইক্ষুক্ষেতের পাশে সবুজ নদীতে
লখিন্দর ভেসে যায়
আমরা রতির আক্ষেপ দেখে বিকেল গড়াই