Nov 20, 2021

অভিজিৎ পাল

আমি নারী 

আমি নারী -

নিত্যযাত্রায় আমার অনাবৃত শরীর ঘেঁষে

ট্রামে বাসে লম্পট পুরুষত্ব হেসে ,

কখনও বা ভোরের খবরের কাগজে

প্রতিবাদী সমবেদনা , নারীত্ব হরণ শেষে ।


আমি নারী -

আমি ঋতুশ্রবা , রক্তসমুদ্র আমার মাঝে

প্রজন্মের ধারক আমি , শ্লীলতাহানী কী সাজে ?

অধমের মেটে পশুপ্রবৃত্তি , আমাতেই ;

সমাজে পতিতা , বাঁচা এই লাঞ্চনার সাথেই !


আমি নারী -

আমি দশভূজা , আমিই কাত্যায়নী

আগমনীর সুরে সিংহবাহনে মহিষাসুরমর্দিনী ,

পিতার রাজদুলারী কন্যা , পতিগৃহে গৃহিনী ;

আমি অনন্যা , আমিই ভগ্নিরূপিনী ।


আমি নারী -

আমি দেবদাসী , আমিই শঙ্করী

আমিই পুরুষের কল্পসুখের স্বপ্নপরী ,

জন্ম জন্মান্তরে আসবো ফিরে বারে বারে

মানুষ তোমায় ধারণ করবো , আবারও জঠরে ।