Nov 9, 2021

হর্ষময় মণ্ডল

বাকি পথটুকু

বাকি পথ যেটুকু আছে 
যেতে পারবো হয়তো একা 
গোপন টান নেইতো কিছু 
সমস্ত পথ ধ্বংস বাঁকা।

হয়তো স্রোতে কিংবা ঝড়ে
কিংবা যাত্রা পথ ধরে
বর্ণমালা মাটি চাপা 
হাসবে সবাই কলেবরে।

গ্রাহ্য করি না কিছুই
পিছুটান নেই তেমন,
রাত হলে শূন্যতা বাড়ে
বলে না কেউ আছেন কেমন?

কেন যে সেই ডাক আসে 
শুনতে পাই অহর্নিশ
বুকের মাঝে হাপর পড়ে
চতুর্দিক ডাকে ফিস ফিস।

জানো না কি তুমি 
গোপন ব্যথার কথা
নির্বাসন চেয়েছি আমি  
ভুলেছি সফলতা।

যাও যাও দূরে যাও 
কেন এসে ডাকো বারং বার
বিষ পুরুষ হয়ে আমি 
নির্বাসনে আছি  এই বার।

মৃত্যুহীন নই আমি
ডাকি তারে সদাই
এখন সব জ্বালাতন
মৃত্যুতে হবো বিদায়।

তখন তুমি বুঝবে আমি
কেন আসিনি দ্বারে
ফিরিয়ে দিয়েছি সব
মিষ্টি চুম্বন ও বারে বারে।

কাঁদবে তখন অঝোর ধারে
মিলবে না কোন ঠাঁই
চোখের জলেই দেখবে খুঁজে
দিয়েছো আমায় ঠাঁই।