কার্তিকের সদ্যভূমিষ্ঠ শীতের সকালে
ভাঁপাপিঠার পৃষ্ঠদেশে
লেপ্টে থাকা নারকেল-গুড়ে
সেই যে জানালে আমন্ত্রণ
গার্হস্থ্য বিজ্ঞান পড়া মেয়ে।
আমি তো ভূগোল পড়া ছেলে
প্রতিবেশ জলবায়ু খনিজে পাথরে
খোদাই আমার মন
মসলার আবাহনে সুস্বাদু খাবারের ঘ্রাণে
আমাকে ডাকছো সারাক্ষণ
গার্হস্থ্য বিজ্ঞান পড়া মেয়ে।
পায়েসের বুকজুড়ে উঁকি দেয়া কিসমিস
শুয়ে থাকা গাওয়া ঘি পোলাওয়ের চালে
কাবলি ছোলার চাট, তোকমার শরবত
কপির ডালনা আর টিকাইয়ের লোভে
ভাবছো নোঙর ফেলি তোমার বন্দরে?
ভূগোল ও পরিবেশ
যাবতীয় অধিবিদ্যা ভুলে
তোমার রসুইঘরে কেন রোজ উঁকি দেয়
কোন ঘ্রাণ পেতে চায়
কিছুই জান না তবু
অগোচরে
রোদ হয়ে মুছে দাও যাবতীয় অন্ধকার
গার্হস্থ্য বিজ্ঞান পড়া মেয়ে।