Nov 20, 2021

আব্দুল গফফার

নূতন বছর কাটবে ভালো

এত বড় আকাশে,

খুঁজি ছোট পৃথিবীটাকে-

ঊষা থেকে গোধূলি,

ভাসমান মানব জীবন।


প্রকৃতির অপার সংসারে,

রাঙিয়েছি রামধনুর রঙে- হারিয়েছে একাগ্র চিত্ত,

একাত্ম হয়েছে মনন।


প্রত্যুষের নিত্য আবাহনে,

উন্মোচিত হয় জীবন-

মধ্যগগনে ক্লান্ত কায়ায়,

ক্ষুধার জ্বালা করি সহন।


সাঁঝবেলার কলতানে,

পাখপাখালির ডাকে-

শান্ত হয় কোলাহল,

শুভনিশির অপেক্ষায়।


নিত্য খেলায় দিবস কাটে,

অতিক্রান্তে নিশির দেখা-

অতিক্রান্ত বর্ষসূচি,

নববর্ষের আগমনে।


তিথি,কাল,পর্ব, পার্বণে,

উৎসবের আহবানে মত্ত-

নির্ঘণ্টে আঁচড় পড়ে,

হালখাতার উন্মোচনে।


নববর্ষ শুভ হোক,

শুভ নববর্ষ-

নূতন বছর কাটবে ভালো,

চিত্তে সবার হর্ষ।