বিবর্ণ ফুলের কাব্যমালা
ঈশ্বর তুমি কৃপণ কেন
এসব তোমার কেমন লীলা ?
ওদের বেলায় মন্ডা-মিঠাই
আমার বেলায় অবহেলা ?
ফুলের খদ্দের পাবো কোথায় ?
পাইনা খেতে লকডাউনে
শৌখিন মানুষ, প্রেমিকারা
বন্দী ঘরের চারিকোণে।
মেয়ে-ফুলটা শুকাচ্ছে যে
হারিয়ে তার সকল সুবাস,
সইতে হবে এ সমাজের
অবহেলা আর দীর্ঘশ্বাস।
দানের নামে ডেকে যারা
আঁচড় দিয়ে কাটলো রেখা,
যমদুয়ারে টেনে দিল
বাঁচার কঠিন সীমারেখা।
অল্পতেই খুব খুশি যারা
তাদের বেলায় তুমি কৃপণ ,
কেমন করে করবো ঈশ্বর
তোমার নামের গুনকীর্তন ?