Nov 22, 2021

কমল সরকার

অন্তরিনার চিঠি        

ব্যথার নিবিড়ে আজো জেগে আছে কেউ? 
কোনোকালে থাকবার কথা ছিল কারো!
আঙুলপ্রতানে তার পালকের ওম
আমূল আরোগ্য নিয়ে আসবে আবারো? 

জানি না এখনো কেউ সেভাবে আমাকে
'উন্মাদ' লিখেছে কি না গোপনীয় খামে, 
পুরনো বাতিল কোনো চেনা ডাকবাক্সে
ফেলে দিয়ে গেছে চিঠি  ভুল ডাকনামে!

কবেকার নাম সেই, কবে কে ডাকতো ---
বিগত জন্মের মতো গল্প মনে হয়, 
এ জীবন জন্মান্তর পেয়ে গেলে জানি
নাম নয়, পদবীতে লেখে পরিচয়। 

কী তার পদবী যেন, মনে পড়ছে না;
ভুলেছে বুঝি বা সেও --- আমার কী ছিল।
তাই কি বিপন্ন এই ঘোর অসময়ে 
ভুল নামে সে আমাকে বারতা পাঠালো?

"চিরকাল একা শুধু একা হতে চেয়ে 
হারিয়েছো কবি তুমি নিজ সত্তাটিও, 
একদিন পৃথিবীর ব্যাধি সেরে গেলে 
নিজেকেই খুঁজে পেয়ে  কবিতা পাঠিও।"