সবকিছুই মরিচীকা
সম্পর্কের ছিন্ন সুতোটাকে আঁকড়ে ধরে
আজও স্বপ্ন দেখি,
বন্ধ দুচোখেও স্পষ্ট তোমার অবয়ব।
কবেই স্তব্ধ হয়ে গেছে জলপ্রপাত
তবুও দু এক ফোঁটা শিশির
আজও ঝরে বুকের ভিতর।
মহুল বনে মাতাল হয় ভ্রমর,
শরতের কুয়াশা ভেজা শিউলির গন্ধে
মন হয় স্বপ্নাতুর।
ক্ষীণকায়া নদীও খুঁজে সাগর সঙ্গম।
মনের ক্যানভাসে কিছু সুখ, ছন্দ, স্বপ্ন, ভালোবাসা
কিংবা হয়তো সবকিছুই মরিচীকা
তবুও চোরাবালিতে ডুবে যেতে যেতে
জীবনও রচে এক অনন্য উপন্যাস।