কবিতার বসতবাটী
কবিতার ভূমি জুড়ে, আছে থরে থরে
ফুল পাখি আর নদীর পাট্টা ম্যাদী।
আছে প্রেমের নামে চিরস্থায়ী সত্ব
আছে সাগর নীলে মেঘের ভেলা
আছে গাছগাছালির ফাঁকফোকরে
মন খারাপের অঝোর বৃষ্টিবেলা।
আর দীর্ঘ দীর্ঘ সময় জুড়ে
ফিরে ফিরে আসা কিছু অস্থির অবয়ব
সময় সোপানে কিছু প্রোথিত জলছবি।
কবিতার উদোম শরীরে দানা বাঁধে
একের পর এক বিনিদ্র রাতকাহন
জোনাকি আলোয় উদ্ভাসিত কিছু ক্ষণ।
কিছু নিয়ন আলোর চাঁদপানা মুখ
কিছু পাশাপাশি সুখ, কিছু মুখোমুখি সুখ।
কিছু সবুজ নীলে টলোমলো বনফুল
কিছু বেলা শেষের নবীন বুনো ফুল।
কবিতার বসতবাটী স্মৃতির আস্তানা
বসুধৈব কুটুম্বকম, সাজানো মহাফেজ
এই বসতে শব্দেরা সব অবিরত দেয় হানা।