Nov 18, 2021

রণজিৎ রায়

একই নৃত্যগীত

বৈচিত্র্যময় পদ্মপাতার বুকে টলটলে মানচিত্র

দিন ও রাত পালা করে দোল খায়

ক্ষণিকের রঙ্গমঞ্চে যারা দুর্দান্ত কুশীলব

যবনিকা এলে নীলাভ ঐশ্বর্য বিগত

সংগোপনে এঁকে যাই জীবনের বৈশিষ্ট্য

মাথা নুইয়ে কুর্নিশ জানিয়ে

কয়েক মুহূর্ত পর আবার যে-কে-সেই !


কর্মক্ষেত্র থেকে অবসরে নিবিড় আত্মবিশ্বাস

সময়ের ব্যবধানে সেই একই নৃত্যগীত

খোঁজ নিয়ে এক উড়ু উড়ু আত্মাকে দেখতে গেলাম

কয়েক প্রহর পর নিশ্চিত গঙ্গাপ্রাপ্তি জেনেও

শূন্য ঘরে আলোপাখার অপচয়ে বিচলিত

অদ্ভুত দর্শনে সীতার মতো পাতালে নেমে গেলাম !