Nov 22, 2021

সো ওম্

হয়তোবা কবিতা

মন খারাপের ওপারে যেদিন দেখা হবে,
আকাশটা সেদিন নির্মল হবে,
মেঘের ছিটেফোঁটাও থাকবে না এতটুকো,
সূর্যটা ডুবে যাওয়ার আগে সোনালী আলো ছড়াবে,
দূর হতে ভেসে আসা কোনো রাখালিয়া বাঁশি ছুঁয়ে যাবে,
কোন মেঠো হাসনুহানার সুবাস পাগলের মত জড়াবে তোমায়,
দুচোখ বুজে যখন স্মৃতির সিন্দুকে হাত বাড়াবে তুমি,
কলেজ বেলার খাতার পাতায় কটা ঘাসফুল জড়িয়ে- 
সামনে দাঁড়াবো আমি,
খাতার পাতার এক কোনায় সাঁটা একটা আকাশনীল টিপ,
হয়তোবা কোন অমনোযোগী মুহূর্তে বা মনোযোগী হয়ে,
হয়তোবা আলসেমিতে নয়তোবা ভালোবেসে,
সেই কখন যেন লাগিয়ে ছিলে,
আমি কিন্তু সযত্নে রেখে দিয়েছি আজ‌ও
বাঁধিয়েছি ভালোলাগার ফ্রেমে,
লিখেছি কিছু কথা আমার কলমে,
ঘাসফুলের আড়ালে লুকিয়ে আমার কিছু কথা,
কিছু কল্পনা,কিছুটা ভাবনা,হয়তোবা কবিতা,
নাহ্, হৃদয় ভাঙ্গার কথা কিছু লিখিনি তো,
খাতার পাতা জুড়ে, সুখস্মৃতি এর শব্দ-বন্ধে
একটা মালা গাঁথা,
হয়তোবা কবিতা-
সূর্যটা ডুবে আঁধার নামছে এখন,
রাতের গভীরতায় পড়ে নিও একবার,
আয়নায় দেখে নিও তোমার তুমিকে,
হাতে নিয়ে টিপ সাঁটা সেই খাতার পাতা
হয়তোবা ভুলভাল কিছু কথা,
হয়তোবা কবিতা।।