পড়ন্ত বাসন্তী
বসন্ত , তোমায় দেখছি কত যুগ ধরে,
যখন ছিলে ভোরের কলমি লতা ,
কেমন টলটলে জলে ঠোঁট খোলে ওরা,
স্নিগ্ধ বাতাসে ঘ্রাণ নেয় কমলা আলোয় ।
একদিন হারিয়েও যায় জলজদের বুভুক্ষায়, তুমিও যেন কেমন মুখ লুকাও অবহেলায় ।
বসন্ , তুমি ভুলে যাও, তোমার উত্তাল- বৈভবেও হাজারো কিটের বাসা ।
মধু খেয়ে , ওরাও জানে না -
ছুড়ে ফেলতে নেই যৌবনের লালসা।
বসন্ত , হাতে হাত রেখেই তোমার চলার উচ্ছ্বাস ,
দমকা বাতাসে কেন তবে, পাপড়িদের বিনাশ ! যারা প্রান ভরে সাজায় তোমারই. পূর্বরাগ ,
বেহাগ সুরে শুধুই কাঁদে বিষাদী নদীর বাঁক।
মেঘ মল্লারে হারায় তোমার মোহনা সুবাস,
বিষণ্ণ বিকেল আঁকড়ে রাখে অভিমানীর অনুরাগ।