একটি না পাওয়া বসন্ত
তবু একটি বসন্ত দিলেনা, দিলেনা পলাশ মালা।
কথা ছিলো বসন্তের আবির মেখে আবার হেসে উঠবো দুজনে পাখিদের চমকে দিয়ে।
একটি বসন্ত, একটি কবিতার জন্য
নির্ঘুম , তৃষার্ত কাটিয়েছি অসংখ্য দিন, হাজার রাত।
অশোক পলাশে রাঙা হবো বলে পরিনি
লক্ষ্মী শ্রী সিঁদুর, পায়ে মাখিনি আলতা।
একটি বসন্ত, একটি রঙিন দিনের আশায়
পার করেছি কত সাল, মাস, দিন..গুনিনি কখনো।
বসন্তরা আমায় টিটকিরি মেরে চলে যায়
অন্য কোনো দিকে, অন্য কারো মনে।
তবু একটি বসন্তের হিসেব আজও বাকি থেকে যায়
আমার কাল জুড়ে, আমার না পাওয়ার খাতা জুড়ে।
একটি, শুধু একটি আবির লাল বসন্ত।