Mar 24, 2022

অভিজিৎ দাস

একটি হলুদ রঙের পাখি

একটি হলুদ রঙের পাখি,
ভোর না হতেই মিষ্টি সুরে করে ডাকাডাকি।
তার ডাকেতেই উপচে পড়ে ইচ্ছামতীর ঢেউ!
তার ডাকেতেই আনমনা হয় নতুন ঘরের বৌ।

তার ডাকেতেই সূর্য উঠে দূরের পাহাড় চূড়ে!
তার ডাকেতেই দৃষ্টি হারায় আমার বহু দূরে।
তার ডাকেতেই বৃষ্টি নামে ভাসায় সবুজ মাঠ!
তার ডাকেতেই দূরের বনে ঘনিয়ে আসে রাত।

তার ডাকেতেই গোলাপ ফুটে ছোট্ট বাগানটিতে!
তার ডাকেতেই ভ্রমর ছুটে ফুলের মধু খেতে।
তার ডাকেতেই স্বপ্ন আমার হারায় বনে বনে।
তার ডাকেতেই তোমায় ভীষণ আমার পড়ে মনে।

তার ডাকেতেই পুরোনো স্মৃতি মনে পড়ে কত।
তার ডাকেতেই অশ্রু ঝরে আমার চোখের যত।
তার ডাকেতেই মন আমার হয় যে পাগল পাড়া। 
তার ডাকেতেই আকাশ জুড়ে ফুটে লক্ষ্য তারা।

তার ডাকেতেই নদীর জলে ভাসায় মাঝি ভেলা।
তার ডাকেতেই মনে পড়ে আমার ছেলেবেলা।
তার ডাকেতেই ঘুমিয়ে পড়ি আমি ঘরে একা।
তার ডাকেতেই চোখে ভাসে তোমার মুখের রেখা।

একটি হলুদ রঙের পাখি,
ভোর না হতেই মিষ্টি সুরে করে ডাকাডাকি।
তার ডাকেতেই উপচে পড়ে ইচ্ছামতীর ঢেউ!
তার ডাকেতেই আনমনা হয় নতুন ঘরের বৌ।