Mar 29, 2022

তমা বর্মণ

উড়াল 

তোমার বুকে দুঃখ নেই কি পাখি? শুধু সুখ!
যদি এ আকাশ হতে পারতাম, পালকে অক্লান্ত ভুবনে ওড়াওড়ি 
দুঃখ থাকত না আমার, বেদনা উড়িয়ে প্রণয়ে নির্ভয়
সব আষাঢ় খুলে দিতাম 
শেষপাতার মতন চেয়ে যেতাম রৌদ্রের হরিদ্রা 
দিনবদলের জীবন, পাখি তোমার জীবন যেমন অনন্তে!    
ভয় নেই, আগুনের হিংসার ধ্বংসের মানুষের ভয় আছে 
শোক আছে মনখারাপ আছে 
কণ্ঠ জুড়ে ডাকলে শূন্য মুখ বাতাস হয়ে কেবল ফিরে আসে
মুখ আর মানুষ জেব্রার চকরাবকরা!
আমলকী বনে রাখা পিরিতি জ্বালিয়ে ভিটেমাটি অঙ্গার
পাখি, মুকুলের গায়ে আগুনের পরাগ
তোমার ভালোবাসা যেমন রেণুতে রেণুতে
যদি হত মানুষ ঢল বেয়ে আগুন হত জোছনার জল! 
মানুষ এখন সেঁকোবিষ তিনপুরুষ দলদাস 
দানা ফেলে বিশ্বাসে তুমিও বুঝি বোকা হলে!
আকাশ বনানী অনার্য হাতে সরাইখানায় ঝলসে খায় 
পূর্ণিমার যৌনচাঁদ, পাখির মাংসে! 
ঋতুফুলে বদলে যদি যেত সব 
পাখি, বদলে যদি যেত সব!
ছিনিমিনি খেলা উঠে যেত নীড়পাতার ঘরে
কুয়াশা ভেলার মতন উড়ে তোমার সঙ্গে আকাশের সঙ্গে 
আত্মীয় হলে খুলে যায় মানুষের অনাত্মীয়তা 
বন্ধ জানালার শিক, এসো 
এবার অন্তত ডানার ঈশ্বরে আমরা মুক্ত হই।