Mar 28, 2022

সুপ্রতিম ভৌমিক

ভারত জননী, জাগো

বিষাইছে তব
আলো-বায়ু-জল,
তোমার বক্ষে
সন্তান তোমারই,
মানব তোমার সনে অহরহ
করিছে ছল ;

ভারত জননী তুমি
কি তা' কখনো বুঝিতে পাও নি ?
তোমার অন্ন করিয়া গ্রহণ
করে যারা জীবন ধারণ,
তারা তো এখনো হীনাত্ম, কৃতঘ্ন,
কী দিয়েছে তা'র প্রতিদান ?
ন্যূনতম কৃতজ্ঞতা বোধ রহিত ।

অসহায় সন্তানে তব,
নিষ্ঠুর বলবান মানব সব,
গলা টিপে সতত মারিতে প্রস্তুত,
কোথা প্রকৃত দেশপ্রেম ভাবনা !
তুমি কি তা' দেখিতে পাও না ?
মায়ের সকাশে তো সন্তান সকলি,সমান,
উচ্চ-নীচ,দীন-হীন,নাহি ব্যবধান ;
তবে কি দূর্নীতিপরায়ন,
হিংস্র বিবেকহীন,
জয় করে নিল তব কলুষমুক্ত মন,
মেকি দেশভক্তি, মুখোশ জড়ানো
মিথ্যে ভালোবাসার বিনিময়ে, ভয় দেখিয়ে ?
জাগো মাগো,
এবার জাগো,
আঁধার কালো অভিনয় গহরে,ঘুমঘোরে,
অরাজকতার  অমানবিক ফাঁসে,
আর ঘুমায়ে থেকো না ।
রুখে দাঁড়াও একটিবার জননী,
প্রহরণ হস্তে কল্যাণকারিনী,
অশুভ নাশিতে,
অসহায় সন্তানে জীবন দানিতে ;
নহিলে যে তোমার অস্তিত্ব,
অবিলম্বে হবে বিলুপ্ত,
তোমার সততা হবে বিনষ্ট চিরতরে,
দুর্মদ,দুরাত্মা, দুর্ধর্ষ, কৃতজ্ঞতাহীন
মানবেরই তরে ।