Mar 29, 2022

সুমনা রায়

বঙ্গবন্ধু

বঙ্গবন্ধু, তুমি নেই তবু তুমি আছো 
সাত কোটি মানুষের চোখে 
তুমিই এঁকেছো মুক্তির স্বপ্ন 
তোমারই প্রত্যয়ে লক্ষ জনতা 
বেরিয়ে এসেছে নির্ভিক বলিদানে
তাই তো এক মুজিবুরের থেকে 
লক্ষ মুজিবুরের কণ্ঠে ধ্বনিত 
স্বাধীনতার গান
বাহান্ন থেকে একাত্তর তুমি ঝরালে রক্ত 
বিদ্রোহ আর বিপ্লবে 
আজও জেগে আছে সোহরাওয়ার্দী 
বারবার প্ৰতিধ্বনিত সাতই  মার্চ  

তুমি ছিলে তুমি আছো 
নিঃস্ব প্রাণের দ্বিধাহীন আশ্রয় 
তুমি আছো পাল তোলা নৌকায় 
তুমি আছো তুফানী হিল্লোলে 
তুমি আছো ফলন্ত শস্যের মাঠে 
আছো আমাদের হৃদমাঝারে 
রাত যখন ঘুমায় হ্যামিলনের বাঁশিতে 
অতন্দ্র জেগে থাকে টুঙ্গিপাড়া 
জেগে থাকে বত্রিশ নম্বর 

তুমি নেই তবু তুমি আছো 
তুমি আছো লাল সবুজ পতাকার মাঝে 
বাংলার স্বাধীনতা, এতো তোমারই দান 
বাংলাদেশের আরেক নাম 
শেখ মুজিবুর রহমান