Mar 28, 2022

গোবিন্দ মোদক

কাঁটাতারের কান্না

কাঁটাতার এই এক জমিনকে করেছে দুই-খান,
টান রয়েছে তবু প্রাণে — মনে আছে টান।
তাহলেও তো ইচ্ছা হলেই হবে নাকো দেখা, 
রক্ত ঝরলেও বুকের মাঝে দূরেই রবে সখা।

ক্রোশের পর ক্রোশ কাঁটাতার বুক চিতিয়ে আছে, 
টান থাকলেও উপায় কি আর যাবে তার কাছে!
তাই এপারেতে রাম কাঁদে, ওপারে কাঁদে রহিম,
রঙিন রঙিন দিনগুলো কই কোথায় সেই সুদিন!

কাঁটাতার মন ভেঙেছে কেড়েছে প্রাণের ভূমি, 
টান থাকলেও ওপারে যেতে পারবে নাকো তুমি।
তবু একই বাতাস যায় বয়ে যায় দুই পারটা জুড়ে, 
রঙিন পাখি গান গেয়ে যায় এপার ওপার ঘুরে।

কাঁটাতারের দোষ নেইকো সে নিমিত্ত, নিষ্প্রাণ,
টান যতোই থাকুক বুকে, যতোই কাঁদুক জান।
তাই ভোরের শিশির কান্না হয়ে ঝরে তারকাঁটায়,
রক্ত ঝরে হৃদয় ক্ষতে, ঝরে ফোঁটায় ফোঁটায়!!