Mar 23, 2022

সুমা গোস্বামী

ফাগুনের রূপকথারা

বাবার কোলে চেপে প্রথম আমের মুকুল চেনা
সোনাঝরা বিকেলে মায়ের সেই গান গেয়ে ওঠা ।
কাঞ্চন ফুলের পাতায় মৌমাছির দোলনা চড়া
বাঁশেরকেল্লায় নালসে পিঁপড়ের হৈ-হুল্লোড় ।
মনকেমনের দোলে বোনের সাথে আবীর খেলা 
দখিনা বাতাসে দুলে দুলে নামতা মুখস্থ করা ।
জোৎস্না রাতে সাঁওতাল পাড়ার মাদলের বোল
মহুয়ার গন্ধে ভরে যাওয়া রাতের নিস্তব্ধতা ।
অতীতের সেই রঙিন দিন আজ বড্ডো ধূসর
চোখের জল ঝরে পরে মেয়েটির রাতের রূপকথায় ।
একদলা কান্নার টুঁটি টিপে ধরা মেয়েটি
অনুভব করতে পারে ফাগুন যায় চলে ।
একটা একটা করে দিন গুণতে থাকা 
মাঝবয়সী মেয়েটি অপেক্ষা করে শেষের যাত্রার ।
সেই অনন্ত যাত্রার শেষে , কোনো এক ফাগুন রাতে
সে আবারো মা-বাবার কোলে ঝাঁপিয়ে পড়বে ।