Mar 23, 2022

বিদ্যুৎ চক্রবর্তী

সেই ভাষা আজ দোলায় মন

আমার অন্তরে সেই ভাষা
যে ভাষাতে শেকড় আছে,
শেকড়ের কথা আছে।
আছে সকাল বেলার ব্যথা 
আছে দিনমানের অগুনতি সব গাথা,
আছে গভীর রাতের পদ্মা মেঘনা ক্ষণ।

আমার মননে সেই ভাষা
আমার মন পড়ে রয় নিশি দিন, 
যে ভাষাতে সুখের আঁতুড় ঘর। 
যেখানে বাঁশের কাঠি মাথায় নিয়ে 
রাজকন্যা ঘুমিয়ে থাকে, 
সিংলা কিংবা গোমতী পারের দুন্দুবুড়ি হয়ে। 

আমার হৃদয়ে সেই ভাষা 
যে ভাষাতে জানতো না মন
লুকিয়েছিল সুখের ভবিষ্যৎ ।
কিংবা শুধুই বিস্মৃত হাতছানি 
বরাক পারের বেভুল মানস ছন্দে 
কাটবে বেলা জীবন পথে এমনি। 

আমার বিশ্বাসে সেই ভাষা 
যে ভাষাতে অতীত সাদা কালো 
এক আখরের ফারাক দেখায় ভাষার রকমফের। 
এবার, সোনার ফসল কাঁপন ধরায় শুধু
মাঝপথে আজ সঘন হারাই খেই
দোলাচলে কলং কিংবা কলংমারই বুকে। 

আমার সত্ত্বায় সেই ভাষা 
কালের স্রোতে জীবন যাপন বেলা। 
উর্বর সেই ভাষাতে ফের আজ
একই দেহে বইবে অবাক ধারা। 
মহাবাহুর একটি হাতে সুবর্ণশ্রী বয়
আরেক হাতে আগলে রাখে সুরমা সুরের লয়।