Feb 16, 2022

লিটন শব্দকর

বর্ণমালা

কখনো ভোর রাতে ডাকলে কলম
হাঁটু গেড়ে বসে কপাল ঠেকাই
বর্ণমালার মেঠো চাঁতালে
মহানন্দে লিখে দিই নদীকল্প
ভীড় করে চিংড়ি, সরপুঁটি, রূপচাঁদা 
সব নদীর দেহ যেন চাঁপাকলি মুদ্রা
কৃষ্ণচূড়ার রঙে রঙিন বসন্ত মাঠে
সহস্র বাউলের একতারার ঢেউ।
চেতনায় অ-আ-ক-খ প্রতিদিন
একটি নতুন জন্ম দিয়ে বলে
মনে রাখিস প্রতিটি ক্ষণই যেন
তোর স্পন্দন হয় মায়ের ভাষার বোল।