আ মরি বাংলা ভাষা
আমার মাতৃভাষায় তীর বিঁধেছ
যেদিন তুমি প্রশ্ন করেছ
কোন বাংলায় এগারো শহিদ
পুলিশের গুলি বুকে নিয়েছে?
সেদিন আমার হৃদয় ক্ষয়ে
অভিমান ভরে রক্ত ঝরেছে!
আমার আত্মপরিচয় নিয়ে
তোমরা ভাসো দোলাচলে;
চিরকাল ঠেলে দিয়েছ দূরে
নাওনি কখনো নিজের করে!
তুমি জান নি বিচ্ছেদের জালা
স্বজন হারানো ব্যথিতের ব্যথা
চাপিয়ে দিয়েছো যত বোঝাভার
রেখেছো নিজেকে করে নির্ভার।
স্বাধীন দেশে উড়েছে নিশান
বাংলার ভাগ্যে জোটে বিভাজন।
চোখের জলে বরাক পারে
ভাগের মা ঈশানকোণ খোঁজে।
যূপকাষ্ঠে ভাষাজননী
চেয়েছে বলার অধিকার
পতাকার রঙ লাল হয়েছে
ছাড়েনি দৃপ্ত অঙ্গীকার।
আকাশে বাতাসে যাচ্ছে শোনা
জান দেব তবু জবান দেব না
সব বিভেদ মুছে গেছে
শুধু মাতৃভাষার পরিত্রাণে।
বাংলা আমার বিশ্বজয়ী
কখনো ঊনিশ, একুশ কখনো
ছিনিয়ে নিয়েছে জয়ের মুকুট
রাজার আসনে শহিদ এগারো।