যৌথ পরিবার হারিয়ে গেল
হঠাৎ একদিন সাধ জাগলো -
আকাশটা ধরতে যাব,
বাধ সাধল বিশাল পাহাড়।
পাহাড়ে চড়ার খুব শখ ছিল -
বাধা পেলাম নদীর জন্য,
মানবজমিন তো ঢালাইয়ে মোড়া।
গগনচুম্বী বহুতলের আগ্রাসনে -
চাপা পড়ছে প্রকৃতি ক্রমশ,
পুকুর ডোবা, গাছগাছালি উধাও।
সমান্তরাল যৌথ পরিবারগুলি -
বহুতলের রুদ্ধদ্বারে আজ বন্দী,
ভগ্নাবশেষ দাম্পত্য জীবন।
কাল হল মুঠোফোনের ইশারা -
সকল পণ্য হাজির দোরগোড়ায়,
..... কার্ট .....জন .....ডিল কত কি।
ক্রয় বিক্রয় বেলাইনে -
বাজার ভ্রমণ বিলুপ্তপ্রায়,
লাইনচ্যুত দাম্পত্য জীবন।
পিতা মাতা কেমন আছে -
বিলীন খোঁজ খবরের পালা,
বহুতল আর বৃদ্ধাশ্রম বহুদূর।
ফিরে কি আসবে সেদিন -
ভয়ঙ্কর সেই প্রাকৃতিক বিপর্যয়,
যেদিন মিলেমিশে যাবে ব্যবধান।