একুশে ফেব্রুয়ারি
জরুরি একটা সভায় বসেছি
গুরুগম্ভীর আলোচনা, তারপর
অনেক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে
একটার পর একটা
সবশেষ সিদ্ধান্ত হলো
বাংলা বর্ণমালা নিষিদ্ধকরণ
কথায় গানে লেখায়
ভালোবাসায় বিষণ্নতায়
কোলাহলে একাকিত্বে
আর উচ্চারণ করা যাবে না
হৃদয়ের স্বরবর্ণ আর ব্যঞ্জন
আমি উঠে দাঁড়িয়ে প্রতিবাদ
করতে গিয়ে দেখি
পা দুটো খুঁজে পাচ্ছি না
চিৎকার করতে গিয়ে দেখি
কণ্ঠ আমার রুদ্ধ
টেবিল চাপড়াতে গিয়ে দেখি
আমার কোনো হাত নেই !
শ্বাসপ্রশ্বাস আটকে গেলে
ভেঙে যায় ঘুম ভোরের আলোয়
ফুটে ওঠে নির্ভীক সকাল–
বেজে যায় বিজয়ের গান
রফিক শফিক বরকত জব্বার ۔۔۔
তারিখটা আজ একুশে ফেব্রুয়ারি!