বিয়ের আগে ও পরের কবিতা
নিরন্তর কবিতা পাঠের মনভালো-রাতে
কবিতার কাছে জানতে চেয়েছিলাম,
কী চাও আমার কাছে?
কবিতা বলেছিলো,আমাকে দাও বেলা করে ঘুম থেকে উঠার মতো কিছু অবেলা
কড়া রোদের গালে কষে চড় দেয়ার মতো একটা তপ্ত দুপুর
আমাকে দাও মধ্যরাতে একা একা ঘরে ফেরার ফুসফুস-ভরা হাসি
আমাকে দাও শ্রমের যথাযথ মর্যাদা—
উদ্ধার করো আমাকে ফুল-পাখি-লতাপাতার শৃঙ্খল থেকে—
চাই না সাগর,নদী,পাহাড় ও ঝরনার উপমা
আমাকে দাও পুরুষের সমান ক্ষমতা ও প্রেম
যাতে সম্ভোগের পর খোশ দিলে বলতে পারি,
আজ আমার মন ভালো,কী চাও আমার কাছে?
কবিতার কথা শুনে মনের ভেতর জেগেছিলো ভয় মুহূর্তেই প্রেমের আঙুরলতায় প্রবাহিত হয়েছিলো রক্ত
নিমেষে মনে পড়ে ছিলো,
একদা কবিতা আমার প্রেমিকা ছিলো,এখন সে স্ত্রী—
চাইলেই যখন তখন তাকে পাঠ করা যায়
আর পঠিত পদ্যকে এতো বেশি প্রশ্রয় দিতে নেই।