Feb 21, 2022

সুমিতা বর্ধন

২১ আমার ২১ তোমার

১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি
ঢাকার রাজ পথ কেঁপে উঠেছিলো।
মাতৃভাষা বাংলার জন্য
গলা চিরে রক্ত বেরিয়েছিল ওদের,
আর ঝলসে উঠছিলো পাকিস্তানি বন্দুকের নল গুলো,
চারিদিকে গগনভেদী আর্তনাদ
আর  প্রতিটি শিক্ষার্থীর মুখে স্লোগান-
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার প্রাণের ভাষা
বাংলা আমার মাতৃ ভাষা।
এই স্লোগানের খেসারত দিতে গিয়ে
লুটিয়ে পরলো সেদিন বাংলা মায়ের দামাল ছেলে আব্দুল,বরকত, সালাম, রফিক,জব্বর রা।
শুধু কয়েকটা গুলি, 
রক্তে রাঙিয়ে দিয়ে
ভারী বুটের আওয়াজ তুলে
মাড়িয়ে গিয়েছিলো সেদিন ঢাকার রাজপথ।
আজ ২১ শে ফেব্রুয়ারির সেই ভয়াবহতাকে পেছনে ফেলে 
চলে এসেছি অনেক দূর।
আজ বাংলা আমার ভাষা 
আর বাংলা তোমারও ভাষা।
কিন্তু ,এই ভাষার মাঝে আজ
কাঁটাতারের বেড়া।

 কতো শহীদের রক্তের বিনিময়ে
আজ বাংলা আমার -
বাংলা তোমার মাতৃভাষা।
আমরা আজো গাই 
বাংলার মাটি বাংলার জল
বা মোদের গরব ,মোদের আশা
আমরি বাংলা ভাষা।
তারপরও,ভবানী প্রসাদের লিখনিতে
উঠে এসেছিলো সেই গর্বিত মায়ের কথা-
"জানেন দাদা আমার ছেলের
বাংলাটা ঠিক আসে না"।
শত শত রক্তের বিনিময়ে পেয়েছিলাম
আমার অধিকার
আমার মায়ের অধিকার
আমার বাংলা ভাষার অধিকার।
হাজার মায়ের বুক খালি করা সন্তানের রক্তের বিনিময়ে
আমার মাতৃভাষা।
২১ আমার ২১ তোমার
২১ প্রতিটি বাঙালির।