Feb 21, 2022

তৈমুর খান

১. শাশ্বতকথা

মৃদু স্বপ্নে আছি 
মৃদু ভোর হলে জেগে উঠব 
মানুষ চিরদিন অসভ্য থেকে গেল 
সভ্যতা দখল করল রাজনৈতিক জন্তুরা 

পর্দার আড়ালে আছি 
ব্যাভিচার ব্যাভিচারিনী নিয়ে সংসার 
সাধ্যমতন ওরা সবাই ভালো মানুষ 
অন্ধকার পেলে মাঝে মাঝে নগ্ন হয় 

বিষ ও অমৃতের দোকানে গিয়ে বসি 
দোকান চালায় মধু আর নিম 
দেখতে সুন্দর বেশ নারী ও পুরুষ 
যার যা সাধ্যমতো কেনে —কান্না ও হাসিটুকু ফ্রি 

রাতের চাঁদের কণা বুকে এসে নামে 
আমরা সবাই চাঁদ খুঁজি শরীরের গানে 
যদিও পাহাড় অরণ্য হ্রদ মরুর সঞ্চার 
দেহ মনে রিপু খেলে অসম্ভব প্রলয় প্রহর 

২. এ জন্ম মোচন হয় 

এ জন্ম মোচন করতে এসে 
শুধু অসন্তোষ বারুদে পুড়ি 
কে এত পোড়ায় আমাকে? 
জীবন যদিও দাতব্য চিকিৎসালয় 
মন সেখানে চিরদিন রোগী 

কত ভালো ভাগ্য দেখি এপাশে ওপাশে 
অভিনয় সেরে বাড়ি ফেরে 
আমি চাঁদ কুড়িয়ে স্বপ্নের ঘরে 
গোলাপি হাতের ছবি আঁকি 

এ জন্ম মোচন হয় ধুলোর পরাগ মেখে 
এ জন্ম রোজ পার হয় কান্নায় আকাঙ্ক্ষার শরবত গুলে
 
পূর্ণ কেমন রোজ ভাবি 
কতটুকু উজ্জ্বল তার পা, ঠোঁট নাক চোখ 
কেমন নূপুর বাজে, দোলে নাকছাবি!