Feb 21, 2022

সুতপা রায়

রান্নাঘর

রান্নাঘরে বাসনকোসন 
খাদ্যবস্তু বহন সুরক্ষা  সংরক্ষণে 
সাগ্রহে সদা অপেক্ষমান
কার কখন আসে আহ্বান
পরিপাকের জন্য আছে বিক্ষিপ্ত উপকরণ 
প্রাত্যহিক আয়োজন সবই বৃথা
যদি না জ্বলে আগুন

উনুন উত্তপ্ত হয় 
ধ্বনি প্রতিধ্বনি ওঠে শব্দের 
কখনো রক্তিম ফাগুন
কখনো বর্ষণসিক্ত পদ্য
টক ঝাল ঘরোয়া রান্না
মাঝেমধ্যে অরন্ধন হয় না এমন নয়

উত্তাপ চাই, চাই উষ্ণতা
একটু উস্কে দেওয়া
ধ্বনিরা ভাষা পায়
যে ভাষা নিঃশর্ত
যে ভাষায় আমার আমি স্বচ্ছন্দ
হৃদয় উৎসারিত 
কলকল স্রোত বয়ে যায়
তার ছিন্ন কাঁথায়ও আমার অনন্ত সুখ
কোনোরাতে রান্নাঘরেই শয্যা পাতি