স্নায়ুর ভিতর ভালোবাসার ভাষা
পলাশের আগুন দেখতে দেখতে সে
ভালোবেসেছিল সূর্যের আকাশ!
সময় গেছে সময়ে
যেভাবে অগ্রহণে মানুষ সরে
উঁচু উঁচু ছাদে আড়াল আকাশ
প্রত্নজগৎ-এর বুকে ঝুলে প্যাঁচার মতো
খড়ের চালার চাঁদ! ফুটন্ত শাপলা, গাঙচিলের ডানা...
নগরায়নের সন্তান সন্ততি
লালন করিম বাউলের পৃথিবী ভুলেছে!
নির্মোহ শূন্যতা...
বাংলা ক্লাসের দিদিমণি সরস্বতী বিদ্যামন্দিরের
ব্ল্যাকবোর্ড ছেড়ে ঘন ঘন উঠে যায় স্নায়ুর ভিতর উদাসে
নৈসর্গিক জানালার পাশে
কনভেন্ট স্কুল, হুড়মুড়িয়ে নেমে আসতে থাকে পরিযায়ী ছেলেমেয়েরা।