Feb 21, 2022

রঞ্জিত চক্রবর্তী

মনে রাখা সেই দিন

সৃষ্টির সময় থেকে
রাত-দিন ফুরিয়ে কাল যখন পূর্ণ হয়
তখনই ফিরে আসে 
এই এমন একটি দিন। 
আমি বা আমার মতো
অনেকেই এসেছে বা আসবে
মায়ের জঠর ছেড়া ব্যথার বিরতি দিয়ে
বাবার উদ্বেগের পাহাড় পার হয়ে
অন্ধকার থেকে আতুরঘরে। 
আদরে নাম রাখা হয়
ঘর ভরে উঠে আলোয় আলোয়
জিভ নাড়িয়ে স্বাগত জানায়
দিকে দিকে ছড়ায় নতুনের বার্তা। 
অতীত মনে রেখেই জীবনের শুরু
পায়ে পায়ে শিড়ি বেয়ে উঠা
হয়তো কেউ ভুলে যায়
কেউ মনে রাখে
ঋণী তো তাদের কাছেই
স্নেহ গন্ধ যার শরীরে। 
জীবন ফিরে আসে
জীবনের হাত ধরে। 
ধাপ শেষ হলেই থেমে যাবে রথ
জন্মদিন এ কথায় বলে
যেনো ভুলে না যাই সেই মানুষ আর ঈশ্বরে।